1. »
  2. জাতীয়

আজ থেকে নতুন সময়সূচীতে চলবে সরকারি-বেসরকারি অফিস

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:৪৩ এএম | আপডেট: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬ ১১:৪৩ এএম

আজ থেকে নতুন সময়সূচীতে চলবে সরকারি-বেসরকারি অফিস

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি সব অফিসে নতুন কর্মঘণ্টা নির্ধারণ করেছে সরকার।

আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে।

এর আগে গতকাল শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়-এর জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।

আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে, বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন অনুযায়ী নির্দেশনা প্রদান করবে।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই বৈঠকে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত এবং বিয়ে বাড়িতে আলোকসজ্জা সীমিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকিং সময়সূচি ঘোষণা করেছে। রোববার থেকে ব্যাংকগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।

পরিপত্রে আরও জানানো হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার (পোর্ট ও কাস্টমস) ব্যাংক শাখাগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।

সরকার বলছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতেই এই নতুন সময়সূচি কার্যকর করা হয়েছে।