1. »
  2. জাতীয়

আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: প্রধানমন্ত্রী

বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:১২ পিএম | আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:১২ পিএম

আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি: প্রধানমন্ত্রী

আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় ‘সমুদ্র অঞ্চল পরিকল্পনা’ বা সামুদ্রিক স্থানিক পরিকল্পনা কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের কার্যসূচি অনুযায়ী শুরু হওয়া সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত করা হবে।

প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন কর্মসূচির আওতায় অবশিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম উপকূলীয় এলাকার উন্নয়ন ও একটি পৃথক মন্ত্রণালয় গঠনের বিষয়ে প্রশ্ন করেন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার ও সুনীল অর্থনীতির বিকাশে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ‘সামুদ্রিক স্থানিক পরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশের মধ্যে ভারসাম্য রেখে দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।