1. »
  2. জাতীয়

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যস্ত সূচি সারাদিন

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ০৯:৫৩ এএম | আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ০৯:৫৩ এএম

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যস্ত সূচি সারাদিন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন। সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তিনি সড়কপথে রওনা দেন। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বগুড়া সফর। সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। একই সঙ্গে জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌরভবনে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরে তিনি সড়কপথে গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈতৃক বাড়িতে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন ও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

এছাড়া বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, চৌকিরদহ খাল খননকাজের সূচনা এবং পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

বিকাল চারটায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সন্ধ্যায় তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পরে সন্ধ্যা ছয়টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং পথে পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন।