জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১০:১০ এএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ০১:৩৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর ও শব্দ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।
গতকাল সোমবার বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল পৌনে ৫টায় প্রধানমন্ত্রী মঞ্চে পৌঁছালে উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। জনসভায় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যে জুলাই সনদে সই করেছে, তা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, এক যুগের বেশি সময় ধরে মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করা হয়েছিল। উন্নয়নের নামে লুটপাট হয়েছে। তবে সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হচ্ছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে ১২ লাখ কৃষককে স্বস্তি দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, বিএনপি ২০১৬ সালে রাষ্ট্র পরিচালনার রূপরেখা দেয় এবং ২০২৩ সালের ১২ জুলাই ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে। তখন অন্য কোনো দল সংস্কারের কথা বলার সাহস পায়নি।
এর আগে সকালে বগুড়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন করেন, যা বগুড়াসহ সাত জেলায় চালু হয়েছে। তিনি বিচারব্যবস্থার আধুনিকায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রমের উদ্বোধন, টিকাদান কর্মসূচি উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ খাল খননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন
- পুলিশের পোশাকে আবারও পরিবর্তনের প্রস্তাব
- সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
- রাজধানীতে ব্লক রেইড শুরু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত, আহত ২
- নওগাঁয় শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা
- বগুড়ায় বার সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যস্ত সূচি সারাদিন