1. »
  2. জাতীয়

রাজধানীতে ব্লক রেইড শুরু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ১২:৪৮ পিএম

রাজধানীতে ব্লক রেইড শুরু, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইয়ে জড়িতদের তালিকা তৈরির কাজ চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

ডিএমপি মিডিয়া বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্লক রেইড অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি তেজগাঁও বিভাগের অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদপুর, শের-ই-বাংলা নগর, আদাবর, তেজগাঁও ও হাতিরঝিল এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, মার্চ মাসে রাজধানীতে বিভিন্ন অপরাধে ৯ হাজার ২৫৯ জনকে গ্রেফতার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, টহল, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা হচ্ছে।

ডিবি প্রধান জানান, সন্ত্রাসী ও অপরাধীদের শনাক্ত করে তালিকা করা হচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান ট্র্যাক করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

র‌্যাব ও সিআইডিও মাদক, অস্ত্র, সাইবার অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে। বিজিবিও সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার রোধে সক্রিয় রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন থানায় নিয়মিত অভিযান, গ্রেফতার ও মাদক উদ্ধার কার্যক্রম চলছে এবং পরিস্থিতি আগের চেয়ে ভালো হলেও নিয়ন্ত্রণে রাখতে অভিযান আরও জোরদার করা হয়েছে। 

সূত্র : বাসস