1. »
  2. জাতীয়

পুলিশের পোশাকে আবারও পরিবর্তনের প্রস্তাব

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ০১:৩৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ০১:৩৪ পিএম

পুলিশের পোশাকে আবারও পরিবর্তনের প্রস্তাব

মাঠপর্যায়ের অসন্তোষ ও সমালোচনার পর বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম আবারও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রস্তাবটি অনুমোদন পেলে ধাপে ধাপে নতুন পোশাক চালু করা হবে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি স্বাক্ষরিত প্রস্তাবে ইউনিটভেদে শার্টের রঙ আলাদা করার কথা বলা হয়েছে। 

প্রস্তাব অনুযায়ী, মহানগর পুলিশের জন্য হালকা জলপাই রঙের শার্ট এবং অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল শার্ট নির্ধারণের পরিকল্পনা রয়েছে। সব ইউনিটের জন্য প্যান্ট খাকি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের নভেম্বর থেকে ধাপে ধাপে নতুন লৌহবর্ণ (আইরন গ্রে) ইউনিফর্ম চালু করা হয়। তবে বাস্তবায়নের পরপরই মাঠপর্যায়ে অসন্তোষ দেখা দেয়। অনেক সদস্যের অভিযোগ ছিল, সিদ্ধান্তে তাদের মতামত নেওয়া হয়নি এবং নতুন রঙ ও নকশা ব্যবহারিকভাবে অসুবিধাজনক।

সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন পোশাক নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়। অনেকে পুলিশের ঐতিহ্যগত খাকি পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন।

বর্তমানে নতুন করে প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিবর্তনে বড় ধরনের অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে না এবং ধাপে ধাপে পুরোনো ইউনিফর্ম প্রতিস্থাপন করা সম্ভব হবে।

চূড়ান্ত সিদ্ধান্ত হলে পুলিশের জন্য একটি নতুন, সমন্বিত ও স্থিতিশীল ইউনিফর্ম কাঠামো চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।