হাম পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে আরও দুই-তিন সপ্তাহ
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:৩৫ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:৫৩ এএম
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সংক্রমণের হার কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
গতকাল বুধবার দুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ২০২৬ সালে এসে হামে এত শিশুর প্রাণ হারানো দেশের স্বাস্থ্যব্যবস্থার জন্য অত্যন্ত লজ্জাজনক।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক হামে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত মৃত্যু ৬৯ জন এবং সন্দেহজনক ৩৬৩ জন। এ সময়ে হামের লক্ষণ নিয়ে চিকিৎসা নিয়েছে ৫৩ হাজার ৫৬ জন। শুধু গত ২৪ ঘণ্টায় আট শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪৮৯ শিশু। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ১৪৩ জন এবং রাজশাহীতে ৭৮ জন।
বিশেষজ্ঞরা জানান, মৃত শিশুদের বেশিরভাগের মৃত্যুর মূল কারণ ছিল নিউমোনিয়া। পাশাপাশি তীব্র অপুষ্টিতে ভোগা শিশুরা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় হাম ও এর জটিলতায় বেশি আক্রান্ত হচ্ছে। ড. জিয়াউদ্দিন বলেন, শিশুরা সঠিকভাবে সুপুষ্ট হলে মৃত্যুর সংখ্যা এত বেশি হতো না। তাই শুধু টিকাদান নয়, পুষ্টিমান বাড়াতেও সমন্বিত জাতীয় কর্মসূচি প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, ইতোমধ্যে প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ। পাশাপাশি আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা গত অর্থবছরে ছিল মাত্র শূন্য দশমিক ৬৭ শতাংশ। দেশের প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট গড়তে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুন
- সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী