মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা স্থিতিশীল : আফরোজা আব্বাস
রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: রবিবার, ১৭ মে, ২০২৬ ১০:৪২ এএম
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।
গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল ৬টার দিকে প্রবাসী সাংবাদিকরা হাসপাতালে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সাংবাদিকদের কাছে চিকিৎসকদের বরাতে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন আফরোজা আব্বাস।
চিকিৎসকরা জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর শারীরিক অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছেন।
আফরোজা আব্বাস আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। প্রতিদিন কিছুটা সময় হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে চলাফেরাও করছেন তিনি।
এদিকে প্রিয় নেতাকে একনজর দেখতে মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত হাসপাতালে ছুটে যাচ্ছেন। মির্জা আব্বাসও তাদের সঙ্গে কথা বলছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ অনেকে। এ সময় পরিবার ও দলীয় নেতাকর্মীরা তাঁর পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
আরও পড়ুন
- ডিএসসিসি মেয়র পদে প্রার্থিতার ঘোষণা দিলেন নীলা ইসরাফিল
- ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটিতে সারোয়ার হোসেন
- বিএনপির আইন বিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল
- সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি
- ক্ষমা চাইলেন নাসিরুদ্দিন পাটোয়ারী
- নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দিতে জামায়াত আমিরের চিঠি
- বগুড়া-৬ উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা
- চট্টগ্রামে বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা