1. »
  2. অর্থ বাণিজ্য

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির আভাসে কমল তেলের দাম

সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:২৪ এএম | আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:২৪ এএম

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তির আভাসে কমল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির আশায় সোমবার আন্তর্জাতিক তেলের বাজারে দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় দরপতন ঘটেছে। হরমুজ প্রণালিসহ কিছু বিষয়ে দুই পক্ষের মতভেদ এখনো মেটেনি, তবুও আলোচনার অগ্রগতির খবরে বাজারে বড় প্রভাব পড়েছে।

আজ সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি সাড়ে চার শতাংশের বেশি কমে ৯৮ দশমিক ৮৩ ডলারে নামে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় পাঁচ শতাংশ কমে ৯২ দশমিক ৩ ডলারে দাঁড়ায়। লেনদেনের এক পর্যায়ে উভয় সূচকই ৭ মে-পরবর্তী সর্বনিম্নে পৌঁছায়।

এর পেছনে মূল কারণ শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ঘোষণা। তিনি দাবি করেন, দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের বেশিরভাগ আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্ভাব্য চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টিও রয়েছে, যা এক সময় বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ বহন করত।

তবে পরদিন রোববার ট্রাম্প নিজেই জানান, তিনি প্রতিনিধিদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান এমএসটি মার্কির বিশ্লেষক সল কেভোনিক বলেন, অনিশ্চয়তা থাকলেও পরিস্থিতিতে কিছুটা ইতিবাচক আলোর দেখা মিলছে, যা স্বল্পমেয়াদে বাজারে স্বস্তি আনতে পারে। তবে হরমুজ প্রণালি পুরোপুরি চালু হতে এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামত করতে আরও কয়েক মাস লেগে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।