1. »
  2. অর্থ বাণিজ্য

কমল তেলের দাম

সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:০৬ এএম | আপডেট: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১০:০৬ এএম

কমল তেলের দাম

সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার বাজারে লেনদেন শুরু হতেই কমেছে অপরিশোধিত তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আসছে জেনেই বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, যার প্রভাবে দেখা দিয়েছে এই মূল্যপতন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে দাঁড়ায় ৮৬ দশমিক ১৪ ডলারে।

এই দরপতনের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ঘোষণা। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের একটি ‘অর্থনৈতিক ডি-ডে’ আসছে। আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি নতুন এই নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণা দেবেন বলে জানা গেছে।

বিনিয়োগকারীরা মনে করছেন, ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা এবং তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত জানা গেলে তেলের বাজারের পরবর্তী গতিপথ আরও স্পষ্ট হবে। ততক্ষণ অনিশ্চয়তার মধ্যেই থাকছে বাজার।

সূত্র: রয়টার্স