মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১০ ডলার
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:০৮ এএম | আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:০৮ এএম
মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার ও জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার আশঙ্কায় টানা কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে তেলের বাজার।
বুধবার (২১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ০৭ ডলারে ওঠে। সোমবার আন্তর্জাতিক বাজারে এ তেলের দাম সর্বোচ্চ ১১০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল, যা গত মে মাসের পর সর্বোচ্চ। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দামও একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ০৩ ডলারে উঠেছিল।
তেলের বাজারে অস্থিরতা বাড়ার অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা। জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সৌদি আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে।
বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও সংকুচিত হতে পারে। এতে অপরিশোধিত তেলের দাম দীর্ঘ সময় উচ্চপর্যায়ে থাকার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- আজ সারাদেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- স্বর্ণের বাজারে ফের ঊর্ধ্বগতি, ২২ ক্যারেটে বাড়ল ২ হাজার ৫৮৪ টাকা
- বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
- কমল সোনার দাম
- বিমানবন্দরে একদিনে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার
- বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
- মূল্যস্ফীতি কমানো ও ঋণপ্রবাহ বাড়ানোর লক্ষ্যে নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩০ বিলিয়ন ডলার