1. »
  2. অর্থ বাণিজ্য

রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়

বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ০৮:৩৮ পিএম | আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ০৮:৩৮ পিএম

রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট, বিলবোর্ড বন্ধ সন্ধ্যা ৭টায়

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে এবং আলোকসজ্জাও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 

আজ বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকে শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনায় রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ ছিল, যা নতুন নির্দেশনায় এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো।

দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও এই সময়সীমা প্রযোজ্য হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবাগুলোকে এই নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব মামুন ভূঁইয়ার সই করা স্মারকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

সংক্ষেপে নতুন নির্দেশনার মূল বিষয়গুলো হলো— শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা; সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ করা; আলোকসজ্জা বন্ধ রাখা; এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করা।