আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:৫৩ এএম | আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬ ১০:৫৩ এএম
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যায় হাসপাতালের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।
জানা যায়, সম্প্রতি হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে একই দিনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত পরিচালনার অংশ হিসেবে শনিবার হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের একটি ভবনে অবৈধভাবে পরিচালিত বেকারি ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং বেকারিটি সিলগালা করে দেন।
স্বাস্থ্যমন্ত্রী চলে যাওয়ার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হাসপাতালের প্রবেশপথগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সাংবাদিকরা ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। এরপরই হাসপাতালের স্টাফ নার্স, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালান এবং শক্ত বস্তু নিক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে।
হামলায় আহত হয়েছেন টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার কাজী জাহিদ ও দীপ্ত টিভির একজন ক্যামেরাপারসন। এ ছাড়া বৈশাখী টিভির একটি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে।
হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন জানান, বেকারি সিলগালা থাকায় ভেতরে প্রবেশ সম্ভব ছিল না। তবে হামলার বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। পরে ঘটনাস্থলে আসা হাসপাতালের সিনিয়র ম্যানেজারও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ামাত্র পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত বুধবার হাসপাতালের ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদফতর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে কমিটি সম্প্রসারিত করে ছয় সদস্যে উন্নীত করা হয় এবং প্রতিবেদন জমার সময়সীমা ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন
- সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৭
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী