1. »
  2. স্বাস্থ্য

আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী

বুধবার, ১০ জুন, ২০২৬ ০২:২৪ পিএম | আপডেট: বুধবার, ১০ জুন, ২০২৬ ০২:২৪ পিএম

আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (১০ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের জবাবে প্রয়োজনীয় তথ্যের চেয়ে অপ্রাসঙ্গিক বিষয় বেশি রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ চার থেকে পাঁচ পৃষ্ঠা লিখলেও সবই অস্পষ্ট জবাব। প্রয়োজনীয় তথ্য না দিয়ে অপ্রয়োজনীয় কথাবার্তা বেশি লেখা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। বৈঠকের পর এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে তা জানানো হবে বলেও জানান তিনি।

গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনে হাসপাতালের ব্যবস্থাপনা, পরিবেশগত অব্যবস্থাপনা এবং দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের গাফিলতির একাধিক দিক উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ডটি নবজাতকদের জন্য উপযুক্ত ছিল না, পর্যাপ্ত আলো-বাতাসের অভাব ছিল এবং এসি ব্যবস্থাও অনিয়মিতভাবে পরিচালিত হতো। ঘটনার সময় ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং গুরুতর অবস্থার পরও সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি বলেও তদন্তে উঠে আসে।

গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে শোকজ করে।