লাইসেন্স বাতিলের পর আদ-দ্বীন হাসপাতাল ছাড়ছেন রোগীরা
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০৩:১৩ পিএম | আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ০৩:১৩ পিএম
দায়িত্ব অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়তে শুরু করেছেন ভর্তি রোগীরা।
শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত ছাড়পত্র নিয়ে চলে গেছেন প্রায় ১৭৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও প্রায় ২৪৩ জন।
গত ২৭ মে ভোরে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার দিনই স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। ৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্তে হাসপাতালের চরম অবহেলার প্রমাণ মিলেছে। এরপর গত বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদফতর এবং রোগী স্থানান্তরে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ভবনটি হাসপাতাল পরিচালনার উপযুক্ত নয়। দীর্ঘ সময় এসি বন্ধ থাকা এবং স্বাভাবিক ভেন্টিলেশন না থাকায় সংশ্লিষ্ট কক্ষে অক্সিজেনের ঘাটতি ও কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। ৯০০ বর্গফুটের ওই কক্ষে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি, প্রায় ৫০ জন মানুষের উপস্থিতি ছিল। এছাড়া নবজাতকদের অবস্থার অবনতিতে কোনো সক্রিয় জরুরি চিকিৎসা ব্যবস্থা ছিল না, কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং দায়িত্বরত সেবিকাদের চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া যায়।
লাইসেন্স বাতিলের পর হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হচ্ছেন না। তবে আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ ও সিসিইউতে চিকিৎসাধীন ক্রিটিক্যাল রোগীদের অন্যত্র সরিয়ে নিতে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
আরও পড়ুন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ভর্তি ৭২৩
- দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
- হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৬৬
- হাসপাতালে লেবার রুম বাধ্যতামূলক, নয়তো লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী
- আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়, পদক্ষেপ আসছে : স্বাস্থ্যমন্ত্রী
- ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
- আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অবহেলার মামলা, তদন্ত কমিটি গঠন