নেদারল্যান্ডসকে হারিয়ে নারী বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের
রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৯:১১ পিএম | আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬ ০৯:১১ পিএম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রোববার (১৪ জুন) বার্মিংহামে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টাইগ্রেসরা। জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও ব্যাটার শারমিন আক্তার।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ডাচরা। তবে অধিনায়ক বাবেট ডি লিড একপ্রান্ত আগলে রেখে ৪৫ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার দুটি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান ও ঋতু মণি একটি করে উইকেট নেন।
১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন জুয়াইরিয়া ফেরদৌস। মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ফিফটি তুলে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি। তবে ফিফটি করেই আউট হন তিনি। এরপর অষ্টম ওভারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গোল্ডেন ডাক নিয়ে ফিরলে এবং ১১তম ওভারে দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।
শেষ পর্যন্ত শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শারমিন ৩২ বলে ৩৭ ও স্বর্ণা ১৭ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। ৫ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে টাইগ্রেসদের, পরবর্তী ম্যাচগুলোতে এই ধারাবাহিকতা ধরে রাখাই এখন তাদের মূল লক্ষ্য।
আরও পড়ুন
- তুরস্কের বিরুদ্ধে চমক দেখিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার
- শুরুর ধাক্কা সামলে শক্ত পুঁজি পেল বাংলাদেশ, ভালো শুরু অস্ট্রেলিয়ার
- বিশ্বকাপ মাঠেও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের
- তিন লাল কার্ডের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল মেক্সিকো
- শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া, স্বপ্নের শুরু বাংলাদেশের
- মেসি-ম্যাজিক, আইসল্যান্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা
- ফিফার জাদুঘরে বাংলাদেশের জার্সি
- জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বৃষ্টির বাগড়ায় ম্যাচ স্থগিত