1. »
  2. জাতীয়

ধানের শীষ হাতে দাঁড়ানো নিরাপত্তাকর্মীর জন্য প্রধানমন্ত্রীর মানবিক উপহার

বুধবার, ৮ জুলাই, ২০২৬ ০৪:২২ পিএম | আপডেট: বুধবার, ৮ জুলাই, ২০২৬ ০৪:২৪ পিএম

ধানের শীষ হাতে দাঁড়ানো নিরাপত্তাকর্মীর জন্য প্রধানমন্ত্রীর মানবিক উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি নীরব ভালোবাসা ও সম্মান জানাতে প্রতিদিন ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকতেন এক সাধারণ নিরাপত্তাকর্মী আব্দুস সালাম। সেই আন্তরিকতা নজর এড়ায়নি প্রধানমন্ত্রীর—অবশেষে তার জন্য পাঠানো হয়েছে বিশেষ উপহার।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর রমনা এলাকায় গিয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন তাঁর হাতে উপহার তুলে দেন। এ সময় তিনি আব্দুস সালামের সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন।

জানা যায়, পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম বর্তমানে রাজধানীর একটি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। অর্থকষ্টের কারণে গত আট মাস ধরে এই পেশায় যুক্ত আছেন তিনি। এর আগে তিনি গাড়িচালক ছিলেন, তবে স্ট্রোকের পর আর সেই পেশায় ফিরতে পারেননি।

অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দীর্ঘ ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন সালাম। দায়িত্বের পাশাপাশি তাঁর একটি ব্যতিক্রমী অভ্যাস ছিল—প্রধানমন্ত্রী সচিবালয়ে যাতায়াতের সময় ধানের শীষ হাতে দাঁড়িয়ে সম্মান জানানো।

এই দৃশ্য একসময় প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তাঁর নির্দেশে অতিরিক্ত প্রেস সেক্রেটারিকে সালামের খোঁজ নিতে ও উপহার পৌঁছে দিতে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আব্দুস সালাম। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জীবনে কখনও ভাবেননি তাঁর এই ছোট্ট ভালোবাসা প্রধানমন্ত্রীর নজরে আসবে।

তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসি। তিনি যখন এই পথে যান, আমি প্রতিদিনই তাকে সালাম দিই, তিনিও হাসিমুখে জবাব দেন। আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।”

স্থানীয়দের মতে, একজন সাধারণ মানুষের আন্তরিক অনুভূতির প্রতি প্রধানমন্ত্রীর এমন মানবিক সাড়া একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

আরও পড়ুন