1. »
  2. জাতীয়

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:১৫ এএম | আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:১৫ এএম

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি : মির্জা ফখরুল

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি।

গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন রাত ৮টায় শুরু হওয়া বৈঠকটি চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দলীয় প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব স্থায়ী কমিটি তারেক রহমানকে দিয়েছে। 

তিনি আরও বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক নানা বিষয় নিয়েও কথা হয়েছে।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। 

তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে এই নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। তফসিল ঘোষণা হলে দলের পক্ষ থেকে কে রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও দলের চেয়ারম্যানকে দিয়েছে স্থায়ী কমিটি।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি ও জমার প্রক্রিয়া শুরু হবে। যাচাই-বাছাই শেষে একক প্রার্থী থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না, তবে একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করতে হবে। এ ক্ষেত্রে স্পিকারের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে এই নির্বাচন আয়োজনের জন্য দল প্রস্তুত বলে ইতোমধ্যে মহাসচিব জানিয়েছেন এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

বৈঠকে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সূত্র: বাসস