রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ০২:০৯ পিএম
সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ বৃহস্পতিবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর ও ডা. জুবাইদা রহমানের পিতা মাহবুব আলী খান ৪২ বছর আগে এই দিনে (৬ আগস্ট) ইন্তেকাল করেন।
কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের জন্য তাঁর অবদান ছিল অপরিসীম।
দিনটি উপলক্ষে তাঁর সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নৌ-সদর দপ্তরের পাশে চিরনিদ্রায় শায়িত মাহবুব আলী খানের সমাধিতে আজ সকালে পুষ্পস্তবক অর্পণ, কুরআন খতম ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিন বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে তাঁর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, যাতে নৌবাহিনীর সদস্যরা অংশ নেবেন।
তাঁর বাসভবনেও কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সবার কাছে দোয়ায় অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি তাঁর প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশু-কিশোরদের প্রতিষ্ঠান 'সুরভি'-তেও দোয়া মাহফিল হবে।
ঢাকার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায়—বাউনিয়াবাদের জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, ভাষানটেক ক্যান্টনমেন্টের জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা, সনমানদি খানবাড়ির দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসাসহ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর প্রায় বিশটি মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
সিলেটের বিরাহিমপুরে পারিবারিক বাসভবনে বাদ জোহর দোয়া, আলোচনা সভা ও তবারক বিতরণ হবে। আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহ পরান (রা.) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হবে। বৃহত্তর সিলেটবাসী এবং স্থানীয় বিএনপির বিভিন্ন ইউনিটও পৃথক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও কুরআনখানি হবে, আর গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিমখানায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জামালপুরের দুরমুটে হযরত শাহ কামাল (রা.)-এর মাজারেও বিশেষ মোনাজাতের আয়োজন থাকছে।
সৌদি আরবের মক্কায় কাবা শরিফ তাওয়াফ ও মদিনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে কুরআন খতম এবং সন্ধ্যায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা হবে—উল্লেখ্য, তরুণ নৌ-অফিসার থাকাকালে তিনি যুক্তরাজ্যেই উচ্চতর প্রশিক্ষণ নিয়েছিলেন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, নিউইয়র্কের জ্যাকসন হাইটস ও ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচেও দোয়া মাহফিলের আয়োজন থাকছে। এছাড়া মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপের বিভিন্ন মসজিদেও কুরআন খতম, খাদ্য বিতরণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
তাঁর স্মৃতিরক্ষায় ইতিমধ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি কার্ডিওভাসকুলার গবেষণা, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজসেবার লক্ষ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হবে। হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাঁর জন্মভূমি সিলেটে ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে, যেখানে দুঃস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
আরও পড়ুন
- রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
- আজ থেকে উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
- পথ হারালে জুলাই জাদুঘরই দেখাবে নতুন পথ : ড. ইউনূস
- এই দেশ আর কখনো তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না : প্রধানমন্ত্রী
- জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেকে রহমান
- পানি ব্যবস্থাপনার টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
- দেশজুড়ে র্যাবের নিরাপত্তা জোরদার