কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১০:৩৪ এএম | আপডেট: রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১০:৩৪ এএম
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কক্সবাজারের মহেশখালীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
একদিনের এই সফরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যাদুর্গতদের পুনর্বাসন, আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম— এই চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে কর্মসূচি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সকাল সাড়ে ১০টায় মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছে গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। দায়িত্বভার নেওয়ার পর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে এটি তাঁর প্রথম সফর।
মহেশখালী পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী যাবেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী ও হাটহাজারী এলাকায়। বেলা সাড়ে ১২টায় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যাদুর্গতদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এবং ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘর হস্তান্তর করবেন। বিকেল ৫টায় একই ধরনের আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন হাটহাজারী সরকারি কলেজ মাঠে।
দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সোয়া ৩টায় হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি। বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেবেন।
দিনের সব সরকারি কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে দলীয় সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রেস সচিব জানান, ঢাকা থেকে মহেশখালী পর্যন্ত হেলিকপ্টারে এবং ফটিকছড়ি থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কপথে যাবেন তিনি। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টায় হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র: বাসস
আরও পড়ুন
- পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
- ‘গণমাধ্যম শক্তিশালী হলেই শক্তিশালী হবে গণতন্ত্র’ : মির্জা ফখরুল
- রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
- রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠাল সংসদ সচিবালয়
- আজ থেকে উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর
- রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
- পথ হারালে জুলাই জাদুঘরই দেখাবে নতুন পথ : ড. ইউনূস
- এই দেশ আর কখনো তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না : প্রধানমন্ত্রী