দক্ষিণ সুদান-আবেই সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০১:৫৪ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০১:৫৪ পিএম
পাঁচ দিনের সরকারি সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (ইউএনমিস) ও ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই (ইউনিসফা) পরিদর্শন করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোম্পানি, পদাতিক ব্যাটালিয়ন ও নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট এবং আবেইয়ে মোতায়েন পদাতিক ব্যাটালিয়ন ঘুরে দেখেন।
এ সময় তিনি বাংলাদেশি শান্তিরক্ষীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং স্টাফ অফিসার, অবজারভার ও কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করে মিশনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
সফরের অংশ হিসেবে সেনাপ্রধান ইউএনমিসের ফোর্স কমান্ডার মেজর জেনারেল জুনহুই উ এবং ইউনিসফার ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল গণেশ কুমার শ্রেষ্ঠের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। আবেইয়ে মিশন লিডারশিপ টিম এবং সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটরদের সঙ্গেও তিনি বৈঠক করেন, যেখানে মিশনের কার্যক্রম, নিরাপত্তা পরিস্থিতি ও অভিযানিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া দক্ষিণ সুদানের প্রতিরক্ষামন্ত্রী চল থন বালোক ও প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল সান্টিনো ডেং ওলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এ সময় দক্ষিণ সুদান প্রতিরক্ষা বাহিনী তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
সেনাবাহিনী প্রধানের এই সফর বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট দেশ ও জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার এবং শান্তিরক্ষা কার্যক্রমের পরিধি সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
- গত ছয় মাসে পুলিশ নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী
- সাত এএসপিসহ ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
- বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- আজ সন্ধ্যা থেকে কিছুটা স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানি প্রতিমন্ত্রী
- এসডিজি বাস্তবায়নে এমডিজির ধারাবাহিকতায় এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
- কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী