গত ছয় মাসে পুলিশ নিয়োগে কোনো রাজনৈতিক প্রভাব পড়েনি: স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:৪০ পিএম | আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ০২:৪০ পিএম
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ সময়ে পুলিশে নিয়োগে কোনো রাজনৈতিক বা দলীয় প্রভাব বিবেচনা করা হয়নি।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পরিচিতি পর্বের পর বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিশ্চিতে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং একটি উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।
মন্ত্রণালয় কমিটিকে জানায়, পুলিশে নিয়োগ নিরপেক্ষভাবে ও শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে, এতে কোনো রাজনৈতিক প্রভাব বা দলীয় বিবেচনা কাজ করেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে উপস্থিত বিরোধী দলের দুই সদস্য অবশ্য এই বিষয়টি উত্থাপন করেননি।
বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে সংসদ সদস্যরা জনসচেতনতা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাগুলোর ২০২৬-২৭ অর্থবছরের বাজেট খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা তুলে ধরা হয়।
জানানো হয়, ২০২৭ সালের ৩০ জুন শেষ হতে চলা এই অর্থবছরে মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা, যার মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ টাকা এবং উন্নয়ন বাজেট দুই হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ছাড়াও অংশ নেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নুরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদফতরগুলোর মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন
- সাত এএসপিসহ ৫৬ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
- দক্ষিণ সুদান-আবেই সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি
- বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- আজ সন্ধ্যা থেকে কিছুটা স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: জ্বালানি প্রতিমন্ত্রী
- এসডিজি বাস্তবায়নে এমডিজির ধারাবাহিকতায় এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান
- কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী