1. »
  2. জাতীয়

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১০:৫১ এএম

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ আখ্যা দিয়ে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

গতকাল শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটির ছবি পোস্ট করেন তিনি।

এর আগে গত ১৫ আগস্ট নিউইয়র্কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। একই ধরনের মন্তব্য তিনি আরও কয়েকবার করেছেন—কখনো প্রণালিটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলে, কখনো এর তেল সম্পদ কাজে লাগানোর ইঙ্গিত দিয়ে।

১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। প্রণালির একপাশে ইরান, অন্যপাশে ওমান অবস্থিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করলে তেহরান হরমুজে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন ইসলামাবাদে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করে দুই দেশ, যার পর উভয় পক্ষই অবরোধ প্রত্যাহার করে। কিন্তু ১৩ জুলাই ইরান ওই চুক্তি থেকে সরে গিয়ে ফের হরমুজে অবরোধ জারি করে, যা এখনো বলবৎ আছে।

গত ১২ আগস্ট মেরিল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনকালে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতেছিল এবং মার্কিন নৌবাহিনী তা অপসারণের কাজ প্রায় শেষ করে এনেছে। তাঁর ভাষায়, হরমুজে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।

সূত্র: এএফপি