1. »
  2. জাতীয়

শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৪:৪৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ০৪:৪৩ পিএম

শহীদ জুবায়ের হোসেনের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের অসুস্থ বোন জেসমিন আকতারের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেসমিন আকতার ব্রেন টিউমার (ব্রেন স্টেম গ্লায়োমা) রোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রী জানতে পেরে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে জেসমিনের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিউরোসায়েন্স হাসপাতালে যায়। সেখানে তারা জেসমিনের বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ পরিবারের সদস্য গোলাম রহমান ও রবিউল আওয়াল এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হন জুবায়ের হোসেন। তাঁর একমাত্র বোন জেসমিন আকতার বর্তমানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।