1. »
  2. জাতীয়

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১১:৫৫ এএম | আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ১১:৫৫ এএম

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে বুধবার (২৬ আগস্ট) ভোররাতে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। এই সুযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেখানে দুই দেশ পরস্পরকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানায়।

বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, আর জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান। 

নতুন দায়িত্ব গ্রহণের জন্য ভুটানের রাজা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান, আর রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে ভুটানের রাজপরিবারকে শুভেচ্ছা জানান।

আলোচনায় দুই দেশের দীর্ঘদিনের সম্পর্কের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, ভুটান বাংলাদেশের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে, কারণ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বিশ্বের প্রথম দেশ ছিল ভুটান। 

এ প্রসঙ্গে তিনি বর্তমান রাজার পিতা প্রয়াত রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বাংলাদেশের প্রতি বিশেষ মমত্ববোধের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সাক্ষাতে ভুটানের রাজা তাঁর উচ্চাভিলাষী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ কামনা করেন। পাশাপাশি শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। 

জবাবে রাষ্ট্রপতি প্রকল্পটির প্রশংসা করে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে ভুটানের রাজাকে বহনকারী বিমানটি ঢাকা ত্যাগ করে ভুটানের উদ্দেশে রওনা হয়।