1. »
  2. জাতীয়

পুলিশে যোগ হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ : স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ০৬:৫৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ০৬:৫৬ পিএম

পুলিশে যোগ হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীতে নতুন করে ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল বৃদ্ধিতে সরকার নতুন ৪ হাজার এসআই (নিরস্ত্র) পদ সৃজন ছাড়াও ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের উদ্যোগ নিয়েছে। এই পদগুলো সৃষ্টি হলে রংপুর জেলাতেও জনবল বাড়বে বলে জানান তিনি। 

এ ছাড়া আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে সংগঠন-কাঠামো অনুযায়ী পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মধ্য থেকেই ক্রয় করে পূরণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের সভাপতিত্বে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন ইউনিটে গ্রেড-১০ (নিরস্ত্র) পদে ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। দায়িত্ব নেওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকট চিহ্নিত করে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ করা হবে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র মিললেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।