গত ছয় মাসে দেশে কোনো গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৫:২৬ পিএম | আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ০৫:২৬ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাশালীই হোক, তাদের বিচারের মুখোমুখি করা হবে। একই সঙ্গে তিনি বলেন, গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে সংঘটিত কোনো রাষ্ট্রীয় গুমের অভিযোগ পাওয়া যায়নি
রবিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ছাড়া বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুম থেকে ফিরে আসা ব্যক্তি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও, যাঁরা নিজেদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।
আইনমন্ত্রী বলেন, গুমসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সরকার বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
তাঁর ভাষায়, বিচারপ্রক্রিয়া ধীরগতির হলেও তা যথেষ্ট অগ্রসর হয়েছে এবং ন্যায়বিচারের স্বার্থেই এই গতি রাখা হচ্ছে।
তিনি বলেন, তড়িঘড়ি করে লোক দেখানো বিচার নয়, বরং একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারকাজ পরিচালিত হচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ প্রশ্ন তুলতে না পারে।
আসাদুজ্জামান দাবি করেন, গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে সংঘটিত কোনো রাষ্ট্রীয় গুমের অভিযোগ পাওয়া যায়নি। তবে মোংলায় মিরাজ শেখের গুম হওয়ার অভিযোগের বিষয়ে তিনি জানান, ঘটনাটি স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে সরকার আইনি সহায়তা দিচ্ছে। তিনি বলেন, সরকার চায় না আর কেউ গুমের শিকার হোক।
আরও পড়ুন
- তিন জেলায় নতুন এসপি নিয়োগ
- দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী
- সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকের তলব
- ৬৪ জেলার সার্বিক কার্যক্রম তদারকিতে ৩০ মন্ত্রী-হুইপ
- পুলিশে যোগ হচ্ছে ১৪ হাজার ৪০০ নতুন পদ : স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপালে দুর্যোগে এখনো কোনো বাংলাদেশির ক্ষয়-ক্ষতির খবর নেই: পররাষ্ট্রমন্ত্রী
- ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজার সঙ্গে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ