পুলিশকে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৭ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৩৭ পিএম
দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দেন।
অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণা চালানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছে। তিনি বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ পুলিশকে নির্দেশনা দেন।
সাক্ষাৎকালে আইজিপি আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল সুদৃঢ় রাখার পদক্ষেপ এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন, যার জবাবে রাষ্ট্রপতি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন
- সাত মাসে নিখোঁজ শিশুদের ৮৭ শতাংশই উদ্ধার: পুলিশের
- সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস
- ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই
- জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী
- স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
- প্রধানমন্ত্রী এখনও এক-এগারোর নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন: আতিকুর রহমান রুমন
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রীর দোয়া ও শ্রদ্ধা