1. »
  2. জাতীয়

দূষণমুক্ত নদী গড়তে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম | আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম

দূষণমুক্ত নদী গড়তে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শুধু সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেই ঢাকার নদ-নদী দূষণমুক্ত রাখতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার দায়িত্ব সবার।

আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানী ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে এক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন। 

বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির।

সভায় মূলত বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা—এই পাঁচ নদী এবং সংশ্লিষ্ট খাল-ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য অপসারণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নদ-নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ ধরে রাখা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রী সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করে কাজ এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেন।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি; নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি; নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান; পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ; মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকগণ।