1. »
  2. জাতীয়

বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:১৩ পিএম

বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে দুই সদস্যের উত্থাপিত উদ্বেগের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের (২৭) সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তারা হামলাকারীদের আইনের আওতায় আনতে ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জবাবে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি মঙ্গলবার বিকেলে বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

তিনি বলেন, স্থানীয় পুলিশ ইতিমধ্যে ঘটনাটি নিয়ে ব্যবস্থা নিচ্ছে এবং বাংলাদেশ দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে।

তিনি আরও জানান, একই দিন সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলে বিষয়টিতে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে ইতালীয় পুলিশ কর্তৃপক্ষকে জানানো এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহায়তা দেওয়া যায়।

প্রতিমন্ত্রী সংসদকে জানান, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসীদের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর ভেনিস পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে এবং বাঁধন ইতালীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।

এদিকে ইতালির মেস্ত্রেতে আওয়ামী লীগের সমর্থক পরিচয় দেওয়া কয়েকজন প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে নিজের ও পরিবারের সদস্যদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ করেছেন বাঁধন নিজেও।

হুমায়ুন কবির জানান, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে। সরকার এ ঘটনায় বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে বলেও তিনি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, রাষ্ট্রীয় কোষাগার লুট এবং মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে কোনো দ্বিধা করবে না।

বাংলাদেশের আন্তর্জাতিক ভূমিকা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, খুব শিগগিরই বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে, যা দেশের জন্য গর্বের বিষয়। 

তিনি বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছে এবং বৈশ্বিক কূটনীতিতে দেশের পররাষ্ট্রনীতি এখন সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ আর কোনো দেশের অধীনতা মেনে নেবে না এবং নিজস্ব গতিপথে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে।

সংসদে দেওয়া তার প্রথম বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগকারী ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানান।