1. »
  2. জাতীয়

প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী

বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩১ পিএম | আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩১ পিএম

প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী

দেশের চলমান জ্বালানি সংকট নিয়ে মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়, তাই এককভাবে কোনো রাষ্ট্রের পক্ষে তা সমাধান করা সম্ভব নয়। তবে সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  ইতিমধ্যে গ্যাস আমদানির ব্যবস্থা করছেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গ্যাসের সংকট ধীরে ধীরে কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগান্তকারী উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পূবের দেশ অর্থাৎ মিয়ানমার (বার্মা), মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করছেন তিনি।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদী আমলে নারীর প্রতি সহিংসতার প্রসঙ্গ তোলেন রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব নারী লেখালেখি করতেন, তাদেরও নিপীড়নের শিকার হতে হয়েছে। তার ভাষ্যে, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা জানান রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এই হামলা একটি ঘৃণ্য অপরাধ। যারা নারীদের ওপর আক্রমণ চালায়, তারা কাপুরুষ বলেও মন্তব্য করেন তিনি।

 

আরও পড়ুন