আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ দল : তদন্ত কমিটি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২৩ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:০৪ পিএম
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। তবে এ সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ঝুঁকির চেয়ে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তই প্রধান কারণ ছিল বলে উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে ২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বাংলাদেশ দলের বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তের জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের সরকারকে দায়ী করা হয়েছে। একই সঙ্গে ওই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্মতি দিয়েছিল বলেও উল্লেখ করা হয়।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার পর ঘটনার কারণ খতিয়ে দেখতে মার্চে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর। কয়েক মাসের তদন্ত শেষে মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সে সময়ের সরকার দায়ী।
তিনি বলেন, তদন্ত কমিটির বিবেচনায় বাংলাদেশের বিশ্বকাপে অংশ নেওয়া উচিত ছিল।
প্রতিবেদন তৈরির সময় জাতীয় দলের ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা, সাবেক কর্মকর্তা ও ক্রীড়া সাংবাদিকদের বক্তব্য নেওয়া হয়েছে।
সাক্ষাৎকার দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক এবং বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
এ ছাড়া বিসিবির কোচ ও ওই সময় জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং তৎকালীন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের বক্তব্যও নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলেছে তদন্ত কমিটি।
গণমাধ্যমকর্মীদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়।
তবে প্রতিবেদনে যাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তাদের দুজনের বক্তব্য তদন্ত কমিটি নিতে পারেনি। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে কমিটি।
আরও পড়ুন
- এশিয়ান গেমসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
- জাতীয় দলকে বিদায় জানালেন মেসি
- চেলসিতে যোগ দিলেন আর্জেন্টাইন এমি মার্তিনেজ
- বিলবাওকে হারিয়ে শীর্ষে বার্সা
- ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার প্রস্তাব ব্রাজিলের
- ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ দাবিতে বিশ্বব্যাপী পিটিশন
- এ বছর হচ্ছে না বিপিএল
- ডারউইনে ইতিহাস