1. »
  2. জাতীয়

স্থানীয় নির্বাচন নিয়ে ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম

স্থানীয় নির্বাচন নিয়ে ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। 

নির্বাচনের প্রস্তুতি, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয় এবং প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্টদের ইতোমধ্যে বৈঠকে অংশ নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।

বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। 

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি, কোস্ট গার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই ও এনটিএমসির প্রতিনিধিদেরও রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, বৈঠকে পাওয়া সংশ্লিষ্টদের মতামত ও তথ্যের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ১২ নভেম্বর থেকে শুরু করার লক্ষ্য রয়েছে। এ নির্বাচন কয়েক ধাপে আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য আসন ঠাকুরগাঁও-১-এর উপনির্বাচন ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন নিয়েও বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর প্রস্তুতি এবং সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাবে।