জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৫ পিএম | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০২:০৫ পিএম
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দেওয়ার পরদিন, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার পথে রওনা দেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
সফরকালে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশ আয়োজিত কয়েকটি আলোচনা ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
নিউইয়র্ক সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হতে পারে।
সফরসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন
- নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- মেধা ও যোগ্যতায় দেশের জন্য গৌরব বয়ে আনলে স্বীকৃতি: প্রধানমন্ত্রী
- জনগণের চাহিদা অনুযায়ী আইন প্রণয়ন করবে সরকার : আইনমন্ত্রী
- স্থানীয় নির্বাচন নিয়ে ২৬ মন্ত্রণালয়-সংস্থার সঙ্গে ইসির বৈঠক আজ
- ৩ সিটি করপোরেশনে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ২০ কোটি টাকা বরাদ্দ
- সব উপজেলা সরকারি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
- দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন
- চার দিনের সফরে জাপান গেলেন সেনাপ্রধান