1. »
  2. সমগ্র দেশ

অপ্রতিমের জানাজা সম্পন্ন

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ এএম | আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৬ এএম

অপ্রতিমের জানাজা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। 

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় অপ্রতিমের দাফন করা হয়েছে।

১৩ বছর বয়সী অপ্রতিম বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে।

সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান না পেয়ে ওইদিনই সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।

পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তুহিন নামে এক যুবকের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। ওই যুবক বিকেল থেকে অপ্রতিমের সঙ্গে ছিল বলে জানা গেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

এ ছাড়া আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটকের তথ্য পাওয়া গেছে। তবে তাদের আটকের বিষয়টি নিয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার দুপুর ১২টায় পুলিশ সংবাদ সম্মেলন করবে বলে জানা গেছে।