1. »
  2. আন্তর্জাতিক

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:২২ এএম | আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১০:২২ এএম

শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনে হওয়া সমঝোতার শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এ অবস্থানের কথা জানিয়েছেন।

রোববার (৪ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম নুরনিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। তবে তেহরান আর দীর্ঘসূত্রতা বা একতরফা শর্ত মেনে নেবে না।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে উল্লেখ থাকা সাতটি শর্ত পূরণ করলেই কেবল হরমুজ প্রণালি খোলার বিষয়টি বিবেচনা করা হবে। এর আগে কোনোভাবেই প্রণালিটি খুলে দেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন সেটি গ্রহণ করলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব বলেও জানিয়েছিলেন তিনি।

বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে তেহরানের নির্ধারিত শর্তগুলো মেনে নিতে হবে।

তবে কূটনৈতিক সমাধানের পরিবর্তে যুক্তরাষ্ট্র আবার সামরিক সংঘাতের পথ বেছে নিলে পরিস্থিতি ভিন্ন হবে বলে সতর্ক করেন ইরানের এই মন্ত্রী। তিনি বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তেহরান আগের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে এবং দেশের সুরক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।