1. »
  2. সমগ্র দেশ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১১:২৩ এএম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

নোয়াখালীর ১০টি থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে এক হাজার ১০৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে বিভিন্ন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর এক হাজার ২১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ৫৩ জনের বিরুদ্ধে ৩৪ ধারায় প্রসিকিউশন, সাতজনকে নিয়মিত মামলায়, ১৩ জনকে আগের মামলায় এবং দুজনকে পূর্বের ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

পাশাপাশি একজনকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। দুজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে চারজনকে।

পুলিশের হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ২৮৯ জনকে আটক করা হয়েছে হাতিয়া থানায়। এরপর বেগমগঞ্জে ১৮৩, কোম্পানীগঞ্জে ১৩১, সুধারাম মডেল থানায় ১২৫, চরজব্বরে ১১০, সোনাইমুড়ীতে ৯২, কবিরহাটে ৬০, চাটখিলে ৫৯ এবং সেনবাগে ৫৭ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান চলমান থাকবে। একই সঙ্গে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হবে।