1. »
  2. সমগ্র দেশ

ফের কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পিএম | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২২ পিএম

ফের কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২৫৪

কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ অভিযান।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কুমিল্লা মহানগরসহ বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা ও উঠতি বয়সী বখাটেদের তৎপরতার স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়। আটকদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাংবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়েছে।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর চার সক্রিয় সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে আনিসুর রহমান ওরফে আনিক (১৯) গ্রুপটির ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশের দাবি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ওই থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়েছে। নগরের যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, সেসব স্থানেই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক চারজনের মধ্যে আনিক সরাসরি ‘রতন গ্রুপের’ সঙ্গে যুক্ত। তিনি নগরের ছোটরা মফিজাবাদ কলোনির আবুল কাশের ছেলে এবং গ্রুপটির প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগ্নে। রতন আত্মগোপনে থাকায় আনিক বর্তমানে গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন বলে জানিয়েছে পুলিশ। বাকি তিনজনও গ্রুপটির সক্রিয় সদস্য বলে দাবি করা হয়েছে।

এর আগে গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লার ১৮টি থানায় একই ধরনের অভিযান চালানো হয়েছিল। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বাকি ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালতের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অভিযোগে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মোজাহিদ/দিনকাল