1. »
  2. দূর্ঘটনা

কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:২৪ এএম | আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১১:২৪ এএম

কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দম্পতিসহ দগ্ধ ৪

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে এক দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের সবার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রোববার (১১ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।

দগ্ধ ব্যক্তিরা হলেন রোজিনা (৩০), তাঁর স্বামী শরিফ (৩৪), রিয়াজ (২২) ও রনি (১৯)। তাঁদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালে তাঁদের নিয়ে আসা ব্যক্তিরা জানান, এ ঘটনায় দুই পরিবারের সদস্যরা দগ্ধ হয়েছেন। দগ্ধ চারজনই পরস্পরের আত্মীয়। তাঁদের মধ্যে রোজিনা ও শরিফ স্বামী-স্ত্রী এবং রিয়াজ রোজিনার ভাই।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে নেওয়ার পর চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে। তবে সবার অবস্থাই আশঙ্কাজনক।