1. »
  2. দূর্ঘটনা

নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১০:১৮ এএম

নরসিংদীতে প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ১১

নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকায় আনা হয়। রাত ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. জামাল (৩৬), মো. টিপু (৪৫), মো. ফয়সাল (২৫), বাবুল (৩৫), মোহাম্মদ শাহজাহান (৩০), শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, নরসিংদীর মাধবদী থেকে দগ্ধ পাঁচজনকে সেখানে নেওয়া হয়েছে। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ এবং শাহজাহানের ৪ শতাংশ পুড়ে গেছে।

তিনি জানান, টিপু ও জামালকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, নরসিংদী থেকে দগ্ধ ছয়জনকে ওই ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তাদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক আরও জানান, সরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।