1. »
  2. দূর্ঘটনা

মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০০ এএম

মাওয়া থেকে ফেরার পথে গার্ডারে ধাক্কা, প্রাণ গেল সৌদি প্রবাসীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হৃদয় (২৭) নামের এক সৌদি প্রবাসী। এতে আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা সাজ্জাদ (২৪) নামের আরেক আরোহী।

আজ শুক্রবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হৃদয়ের বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর আব্দুল্লাহপুর গ্রামে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, সকাল ৬টা ২১ মিনিটের দিকে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ার খবর পায় স্থানীয় ফায়ার স্টেশন। সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে চালক হৃদয়কে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি— ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে হাইওয়ে পুলিশের কাছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে হাঁসাড়া হাইওয়ে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে মাওয়া বেড়াতে গিয়েছিলেন হৃদয়। ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা খেয়ে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমন দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালক ও আরোহীদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, হেলমেট পরিধান করা এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।