1. »
  2. জাতীয়

প্রশ্নপত্রের নিরাপত্তায় রাতভর সচিবালয়ে প্রতিমন্ত্রী

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম | আপডেট: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১১:০৪ এএম

প্রশ্নপত্রের নিরাপত্তায় রাতভর সচিবালয়ে প্রতিমন্ত্রী

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার রাত সচিবালয়ে কাটিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রশ্ন প্রণয়ন থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় পরীক্ষা সামনে রেখে বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলছিল। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি এড়াতে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পুলিশি পাহারায় কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী।

এর আগে গত ১০ অক্টোবর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। শেষ মুহূর্তে পরীক্ষা বন্ধ হওয়ায় ঢাকায় আসা অনেক চাকরিপ্রার্থী ভোগান্তিতে পড়েন। পরে নতুন করে ১৬ অক্টোবর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।

প্রশ্নপত্র তৈরির কার্যক্রম তদারকিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা সচিবালয়ে উপস্থিত ছিলেন।