ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:১৭ এএম | আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১০:১৭ এএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা। মানবতার কল্যাণ সাধনও প্রতিটি ধর্মের অন্যতম প্রধান আদর্শ।
তিনি বলেন, নিজ নিজ ধর্মীয় বিধান ও সংস্কৃতি চর্চার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রাখা জরুরি। এর মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ অটুট রাখা সম্ভব।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্বের সব হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান।
বাণীতে তিনি বলেন, হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আগমন করেন। তিনি ভক্তদের কল্যাণ সাধন, অশুভ শক্তির বিনাশ এবং সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবকে অনন্য তাৎপর্য দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করে আসছেন। এটাই দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির সৌন্দর্য। ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।
তারেক রহমান বলেন, হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসানের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। একই সঙ্গে শুরু হয়েছে দেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই সরকারের অঙ্গীকার।
তিনি আরও বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক দেশের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।
প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’
হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের উদ্দেশে তিনি বলেন, উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে দুর্গাপূজার আনন্দ উদযাপন করুন। এ সময় তিনি তাঁদের আবারও শুভেচ্ছা জানান।
আরও পড়ুন
- জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- সংগ্রামী রীপা গোমেজের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- প্রশ্নপত্রের নিরাপত্তায় রাতভর সচিবালয়ে প্রতিমন্ত্রী
- পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর ৯৮ বাস রুট কমে হবে ৩২, ছয় মাসে বাস্তবায়নের লক্ষ্য
- ৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ
- নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী