1. »
  2. জাতীয়

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১০:২৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:০৮ এএম

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ

৪৫তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে।

এতে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ১৪ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে চাকরিতে যোগ দেবেন। এ গ্রেডে বেতনক্রম ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।

২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে ৪৫তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরের বছর জানুয়ারিতে নেওয়া হয় লিখিত পরীক্ষা। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা শুরু হয়।

সব ধাপ শেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। ওই ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১ হাজার ৮০৭ জনকে সুপারিশ করা হয়েছিল। চূড়ান্ত সুপারিশ প্রকাশের ১০ মাসের বেশি সময় পর এবার নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।

পিএসসির তথ্য অনুযায়ী, ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগের সুপারিশ করা হয়েছিল স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে সুপারিশপ্রাপ্ত ছিলেন ৫৩৯ জন। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, কাস্টমস ক্যাডারে ৫৪ জন এবং প্রশাসন ক্যাডারে ২৭৪ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।