1. »
  2. জাতীয়

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৬:১১ পিএম | আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ০৬:১১ পিএম

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার কার্যকর নীতির ভিত্তি তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার নতুন মডেল উন্নয়নে অবদানের জন্য যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের নাম ঘোষণা করে। 

তাঁদের গবেষণা অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি ও বিভিন্ন আকস্মিক সংকট মোকাবিলায় সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অর্থনীতিতে কখনো মন্দা দেখা দেয়, আবার কখনো দ্রুত প্রবৃদ্ধি হয়। এসব ওঠানামা নিয়ন্ত্রণে সুদের হার, সরকারি ব্যয় ও করনীতির মতো পদক্ষেপ গুরুত্বপূর্ণ। মন্দার সময় সুদের হার কমানো ও সরকারি ব্যয় বাড়িয়ে অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করা হয়। অন্যদিকে, মূল্যস্ফীতি বেড়ে গেলে সুদের হার বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।

১৯৭০-এর দশকে তেলসংকটের পর অর্থনৈতিক মন্দা, উচ্চ বেকারত্ব ও মূল্যস্ফীতির কারণে প্রচলিত অর্থনৈতিক মডেলগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। সে সময় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার নীতিকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দেয়।

রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ডের গবেষণায় পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যক্তিগত সিদ্ধান্ত কীভাবে সামগ্রিক অর্থনীতিকে প্রভাবিত করে, তা গুরুত্ব পেয়েছে। পরিবার কীভাবে সঞ্চয় ও ভোগের সিদ্ধান্ত নেয় এবং ব্যবসাপ্রতিষ্ঠান কীভাবে পণ্যের দাম নির্ধারণ করে, সেসব বিষয় তাঁদের উন্নত করা অর্থনৈতিক মডেলে বিবেচনা করা হয়েছে।

তাঁদের গবেষণা অনুযায়ী, সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি সম্পর্কে আগাম স্পষ্ট ধারণা দিলে পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্তে প্রভাব পড়ে। ফলে সঠিক সময়ে উপযুক্ত নীতি গ্রহণের মাধ্যমে অর্থনীতির ওঠানামা কমানো এবং মন্দা মোকাবিলা করা সহজ হতে পারে।

তাঁদের গবেষণালব্ধ তাত্ত্বিক ভিত্তি বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক সংকট মোকাবিলা এবং কার্যকর মুদ্রানীতি ও রাজস্বনীতি প্রণয়নে সহায়তা করছে।