1. »
  2. জাতীয়

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ০৯:১৪ এএম | আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ০৯:১৪ এএম

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে সোমবার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ আগামী সোমবার নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশনের সভায় নির্বাচনের তারিখ ও কতটি ধাপে ভোটগ্রহণ হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, সোমবার কমিশনের সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে তা ঘোষণা করা হবে। একই সঙ্গে কোন কোন সময়ে নির্বাচনের ধাপগুলো অনুষ্ঠিত হবে, সেটিও জানানো হবে।

নির্বাচন কমিশনার আরও জানান, ইউপি নির্বাচনের তফসিল কেন্দ্রীয়ভাবে কমিশন ঘোষণা করবে না। মাঠপর্যায়ে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু নির্বাচনের ধাপ ও সময় নির্ধারণ করে দেবে। আগে যে সময়সীমার মধ্যে নির্বাচন সম্পন্ন করার আশা প্রকাশ করা হয়েছিল, সেই সময়ের মধ্যেই সব ধাপ শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে জানতে চাইলে সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। সোমবারের সভায় এ বিষয়সহ অন্যান্য বিষয়েও আলোচনা করা হবে।

এদিকে ইউরোপীয় পর্যবেক্ষক মিশনের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে কিছু পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। প্রতিনিধিরা কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্বাচনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কমিশন তাঁদের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

সূত্র: বাসস