1. »
  2. জাতীয়

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম | আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন সাহসী সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের কঠিন সময়ে তিনি নিষ্ঠা, সাহস ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও দলীয় অবদান বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে, যা বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন।