1. »
  2. আন্তর্জাতিক

ভারতে ‘বাংলাদেশের আদলে সরকার পতনের ষড়যন্ত্র’ চলছে: রাজনাথ সিং

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:৩১ এএম | আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:৩১ এএম

ভারতে ‘বাংলাদেশের আদলে সরকার পতনের ষড়যন্ত্র’ চলছে: রাজনাথ সিং

ভারতের চলমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করার পাশাপাশি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাম্প্রতিক বিক্ষোভ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং দাবি করেন, এই আন্দোলনের মূল লক্ষ্য নির্বাচনী সংস্কার কিংবা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রতিবাদ নয়। বরং তরুণদের অরাজক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।

বিরোধীদের সমালোচনা করে রাজনাথ বলেন, দেশের যুবসমাজকে অরাজক রাজনীতির দাবার ঘুঁটি বানানোর অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশের মতো রাজপথের অভ্যুত্থানের মাধ্যমে ভারতেও ক্ষমতার পালাবদলের চেষ্টা চলছে।

তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কেউ কেউ প্রকাশ্যে দাবি করছেন, সরকার পরিবর্তনের আন্দোলনে তাঁরা বাংলাদেশ থেকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা পেয়েছেন। আবার কেউ রাজপথে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন ঘটানোর কথা বলছেন। এসব তৎপরতার উদ্দেশ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করা বলে মন্তব্য করেন তিনি।

কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দলটির নেতারা ঐতিহ্যবাহী ‘গান্ধী’ নাম ব্যবহারের নৈতিক অধিকার হারিয়েছেন। তাঁর দাবি, কংগ্রেস ও তাদের মিত্রদের ব্যবহৃত ‘ক্ষমতা পরিবর্তন’-এর মতো শব্দগুলোই প্রমাণ করে, তাদের আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা নয়।

রাজনাথের অভিযোগ, বিরোধীদের মূল লক্ষ্য সংবিধানের মৌলিক কাঠামো দুর্বল করা এবং পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।

এদিকে বিজেপিপন্থী সংবাদমাধ্যমগুলোতে নেহা বোরা নামের এক আন্দোলনকারীর একটি তারিখবিহীন ভিডিও সাক্ষাৎকার প্রকাশের পর বিতর্ক আরও বেড়েছে। বিজেপি নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে নেহা বোরাকে বলতে শোনা যায়, ভারতে তরুণ প্রজন্মের আন্দোলনের সূচনা বাংলাদেশে হয়েছিল। ভারতের তরুণদের প্রতি সংহতি জানানো এবং আন্দোলনের পথ দেখানোর জন্য তিনি বাংলাদেশের প্রতি অভিনন্দন জানান।

ভিডিওতে তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে চলমান প্রতিবাদ মূলত ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই। তাঁর ভাষ্য অনুযায়ী, এই আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের মতোই একটি গণতান্ত্রিক সংগ্রাম।

তবে বিজেপিপন্থী সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির ধারণের সময় এবং সত্যতা সম্পর্কে নিরপেক্ষ কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ভিডিওটির প্রেক্ষাপট ও বক্তব্যের যথার্থতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।