1. »
  2. আন্তর্জাতিক

রমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ এএম | আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ এএম

রমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালি দিয়ে অনুমোদনহীন পথে চলাচলের সময় সামুদ্রিক মাইনে আঘাত লেগে দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।

শনিবার (১৭ অক্টোবর) আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে। আইআরজিসির দাবি, প্রণালিটি অতিক্রমের সময় জাহাজটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং পরে সেটিতে ভয়াবহ আগুন ধরে যায়। 

আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে, তেলবাহী জাহাজটি চলাচল শনাক্তকরণ, অবস্থান নির্ণয় ও রাডার ব্যবস্থা বন্ধ রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে প্রতারণার আশ্রয়ে প্রণালিটি পার হওয়ার চেষ্টা করছিল বলেও দাবি করেছে ইরানি বাহিনী।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির নৌবাহিনী বলেছে, হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। ইরানের নির্ধারিত নিয়ম অমান্য করে কোনো জাহাজ যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে চলাচলের চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।

তবে জাহাজটির নাম, মালিকানা, কোন দেশের পতাকাবাহী এবং ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে ইরানের দাবিগুলোও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।