মন্দিরে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল ১২ জনের
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১০:১৩ এএম | আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১০:১৩ এএম
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে ভক্তদের ভিড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধানবোঝাই ট্রাক ঢুকে পড়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় বিপুলসংখ্যক ভক্তের সমাগম হয়েছিল।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, ছিনোর দিক থেকে আসা ট্রাকটি নির্ধারিত ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে ভক্তদের ওপর উঠে যায়। পরে মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে ট্রাকটি।
দুর্ঘটনার পরপরই পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যরা সামান্য আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দুই দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন
- সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
- রমুজে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
- ভারতে ‘বাংলাদেশের আদলে সরকার পতনের ষড়যন্ত্র’ চলছে: রাজনাথ সিং
- ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, গ্রেপ্তার ১,২৬০
- ইয়েমেনে প্রেসিডেনশিয়াল প্যালেসে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২০ শিক্ষার্থীর মৃত্যু
- হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই বাণিজ্যিক জাহাজ